মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 05 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 August 2026
অন্যান্য

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতই নির্ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নয়; বরং আদালতের রায়ের মাধ্যমেই আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ হবে।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না। তবে বিচারিক প্রক্রিয়ায় অবশ্য আদালতই নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কী হবে।”

তিনি জানান, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্তের জন্য প্রয়োজনীয় সহায়তা সরকার দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “যে দল গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের দায় কতটুকু সেটি তদন্ত হচ্ছে। ইনশাআল্লাহ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে।”

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভাজনের সমালোচনা করে তিনি বলেন, “আমরা যদি বলতে থাকি জুলাই কার, তাহলে জুলাই কারও থাকবে না। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”

সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটে পাওয়া জনরায় বাস্তবায়নে সবাইকে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিতে হবে। তিনি বলেন, “সংবিধানের প্রতিটি সংশোধনীই একেকটি সংস্কার। তাই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এমন একটি সংশোধনী আনা হবে, যা দীর্ঘ সময় দেশের জন্য কার্যকর থাকবে।”

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একদিনের ঘটনা নয়; ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের ধারাবাহিকতার ফল এটি। তার ভাষায়, যখন নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের পথ বন্ধ হয়ে যায়, তখনই রক্তাক্ত গণআন্দোলন অনিবার্য হয়ে ওঠে।

বক্তব্যের শেষদিকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।”

তিনি জানান, সংবিধান সংশোধনের আগে বিশেষজ্ঞ, সংবিধানবিদ এবং সম্পাদকদের মতামত নেওয়া হবে, যাতে জুলাই গণঅভ্যুত্থানের অর্জন ও জনগণের প্রত্যাশা দীর্ঘমেয়াদে সংরক্ষিত থাকে।