মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 06 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 August 2026
অন্যান্য

রাতে পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, রাজনৈতিক নেতাদের মধ্যে মঞ্চে যে সৌহার্দ্য ও পারস্পরিক বোঝাপড়া দেখা যায়, তার প্রতিফলন মাঠপর্যায়ে দেখা যায় না। তার দাবি, কেন্দ্রীয় পর্যায়ে নেতারা একসঙ্গে বসে আলোচনা করলেও রাজনৈতিক সংঘাতের শিকার হচ্ছেন তৃণমূলের কর্মীরা।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে তাসনিম জারা লিখেছেন, বুধবার তিনি দুটি দৃশ্য দেখেছেন। প্রথম দৃশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মান জানিয়ে মঞ্চে নিজের পাশে বসান। দ্বিতীয় দৃশ্যে একটি অনুষ্ঠানে হট্টগোলের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মাইকে নাম ধরে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে ডাকেন এবং আখতার হোসেন মঞ্চে উঠে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

তিনি বলেন, "মঞ্চে সৌহার্দ্যের কমতি নেই। নাম ধরে ডাকা যায়, পাশে বসানো যায়।"

এর বিপরীতে হবিগঞ্জের ১৮ বছর বয়সী আলিফের প্রসঙ্গ তুলে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষে আলিফ তার বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। তাসনিম জারা প্রশ্ন রাখেন, "কেন্দ্রের এই বোঝাপড়া তৃণমূল পর্যন্ত নামলে কি আলিফের চোখটা যেত?"

তার ভাষ্য, মাঠপর্যায়ে রাজনৈতিক সহনশীলতার পরিবর্তে ঘৃণা, হুমকি ও সংঘাতই বেশি দেখা যায়। তিনি বলেন, মঞ্চের উত্তেজনাপূর্ণ বক্তব্যের প্রভাব মাঠে গিয়ে লাঠি, রড ও ইটের সংঘর্ষে রূপ নেয়।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, "অথচ রাতে ওনারা ক্ষমতার টেবিলে পাশাপাশি বসেন। ফোনে দীর্ঘক্ষণ আলাপ করেন। মাঝখানে চোখ হারায় আলিফের মতো মাঠের কর্মীরা। আর কারও চোখ বা জীবন যাওয়ার আগে এই সৌজন্য মাঠে নামুক, আর সেটা আলিফের এক চোখ দেখুক।"