05 August 2026
আশুলিয়ায় জুলাইযোদ্ধা শহীদ রাসেল গাজীর স্মরণে দোয়া-মিলাদ মাহফিল

সাভারের আশুলিয়ায় জুলাইযোদ্ধা শহীদ রাসেল গাজীর দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় রহমান টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদ রাসেল গাজীর পরিবারের পক্ষ থেকে রহমান টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহমান তার স্মৃতিচারণ করেন এবং তাঁর বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব ও ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আবুল হোসাইন মুন্সী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান দেওয়ান।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাসেল গাজীর বর্ণাঢ্য জীবন, দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর আত্মত্যাগ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত চেতনা ও আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ, বিশেষ করে শহীদ রাসেল গাজীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম,আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন,ধামসোনা ইউনিয়ন বিএনপির যুব-বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ আকাশ, সাবেক ছাত্রদল নেতা ওসমান গণি, কৃষকদল নেতা নুরুল আমিন, কৃষকদল নেতা আনোয়ার হোসাইন,আশুলিয়া থানা ছাত্রদলের সহসভাপতি রাশেদ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তানজীল মুন্সীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
