মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 24 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 August 2026
অন্যান্য

ঢাকায় মহাসমাবেশসহ নতুন কর্মসূচি ঘোষণা করলো ১১ দলীয় ঐক্য

আগামী ১৪ নভেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশ, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ, ঢাকা থেকে রংপুর, ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া ও ঢাকা থেকে সিলেট অভিমুখে রেলযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জ্বালানি তেল, গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য। সেখানেই নতুন কর্মসূচি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এর আগে, রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেন জাময়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা। সেখানে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পরেন তারা। এতে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

এসময় নেতাকর্মীরা ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি নানান স্লোগান দেন।

প্রায় ২০ মিনিট সেখানে অতিবাহিত হওয়ার পর ডা. শফিকুর রহমান বলেন, আমরা জনগণের দাবি জানাতে এসেছি। তারা আমাদের ডাকে সাড়া দিলেন না। সচিবালয় থেকে আসতে তাদের পাঁচ মিনিটও সময় লাগে না, কিন্তু তারা এলেন না।

সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি এসে দাবি গ্রহণের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, যদি আমাদের এই মিছিল থামাতে চান, তাহলে ভেতর থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা তার প্রতিনিধিকে এখানে আসতে হবে। আমরা জনগণের পক্ষ থেকে দাবিগুলো তাদের হাতে তুলে দিতে চাই। তারা যদি জনগণের দাবি বাস্তবায়নে সফল হন, আমরা তাদের ধন্যবাদ দেব। কিন্তু ব্যর্থ হলে আমরা বসে থাকব না; আন্দোলনের পর আন্দোলন, কর্মসূচির পর কর্মসূচি চলতেই থাকবে।