06 August 2026
বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

নিয়ন্ত্রণহীন বিদ্যুতের লোডশেডিংয়ের সাথে মূল্য বৃদ্ধি আর ভুতুড়ে বিল এবং গ্যাস সংকট সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিকেলে টাউন হল প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে মহানগর জামায়াতে ইসলামীর আমীর প্রিন্সিপাল মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। অপরদিকে জনগণের হাতে দেয়া হচ্ছে ভুতুড়ে বিল। তিনি এ ধরনের দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
পাশাপাশি তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা সহ জনগণকে স্বস্তি প্রদানের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ জনদুর্ভোগ লাঘবে সরকার অবিলম্বে কোনো পদক্ষেপ গ্রহণ না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অবস্থান কর্মসূচি ও সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্য নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন।
