মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 07 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 August 2026
অন্যান্য

রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দে, ৭ বছরের চুক্তি

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তরুণ ফরোয়ার্ড ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে ১৯ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে সাত বছরের চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ক্লাবটি।

রিয়াল মাদ্রিদের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দিয়োমান্দে ২০৩৩ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন। তবে দলবদলের আর্থিক বিষয়টি প্রকাশ করেনি লা লিগার ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, এই ট্রান্সফারের মোট মূল্য ১৪০ মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে। এর মধ্যে ১২৫ মিলিয়ন ইউরো নির্ধারিত ট্রান্সফার ফি এবং পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ হলে অতিরিক্ত ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরো বোনাস হিসেবে দিতে হবে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, “রিয়াল মাদ্রিদ এবং আরবি লাইপজিগ ইয়ান দিয়োমান্দের দলবদল নিয়ে সমঝোতায় পৌঁছেছে। আগামী সাত মৌসুম তিনি রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে থাকবেন।”

চুক্তির অঙ্ক যদি ১৪০ মিলিয়ন ইউরোতে পৌঁছে, তবে এটি হবে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দলবদল। এতে ভেঙে যাবে ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ৯৪ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানোর রেকর্ড।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, কয়েকদিনের আলোচনার পর বৃহস্পতিবার দুই ক্লাবের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়। এরপর দিয়োমান্দেকে স্পেনে ভ্রমণের অনুমতি দেওয়া হয়। মেডিকেল পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই তিনি আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে যাত্রা শুরু করবেন।

নতুন মৌসুম সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে বড় বিনিয়োগ করছে রিয়াল মাদ্রিদ। দিয়োমান্দের আগে মার্ক কুকুরেলা, কার্লোস এস্পি, ডেনজেল ডামফ্রিস, ইব্রাহিমা কোনাতে এবং বের্নার্দো সিলভাকেও দলে নিয়েছে ক্লাবটি।

আরবি লাইপজিগে যোগ দেওয়ার আগে স্পেনের ক্লাব লেগানেসে খেলেছিলেন দিয়োমান্দে। ২০২৫ সালের জুলাইয়ে জার্মান ক্লাবটিতে যোগ দেওয়ার পর দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। লাইপজিগের জার্সিতে ৩৬ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি ১০টি গোলেও সহায়তা করেছেন এই প্রতিভাবান ফরোয়ার্ড। মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নিজের ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।