08 August 2026
নাটোরে গরুবাহী গাড়ীর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নাটোরের গুরুদাসপুরে গরুবাহী ভটভটি ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ভটভটির সঙ্গে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী নিহত হন। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার লক্ষীপুর এলাকার আব্দুর রহমান ও আক্কাছ আলী। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।
