মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 09 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
08 August 2026
অন্যান্য

উখিয়ায় ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে এক এএসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের উপস্থিতিতে ওয়াশরুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) বিকালের রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে ক্যাম্পের সদস্যরা নিশ্চিত হন, ভেতরে পড়ে থাকা ব্যক্তি এএসআই রুবেল হোসেন।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ইউনিটের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের উপস্থিতিতে ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের দরজা কেটে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ওয়াশরুমের ভেতর থেকে তার ব্যবহৃত সিগারেট, গোসলের তোয়ালে, টর্চলাইট ও মোবাইল ফোন পাওয়া গেছে।

নিহত রুবেল হোসেনের বিপি নম্বর ৯৫১৪১৬৮০৩৬। তিনি ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে এএসআই (স) হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুম ব্যবহারের সময় তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়ে মারা যেতে পারেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ সংশ্লিষ্ট চিকিৎসক ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।