09 August 2026
বগুড়ায় বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

বগুড়ায় ফ্লাইওভারের উপর বিকল হওয়া ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন ৷ এ সময় আহত হয়েছেন আরো দুইজন। রবিবার (৯ আগস্ট) সকাল ৮ টায় ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাক চালক মোঃ আলম (২৫), বিকাল ট্রাকের চালক তাপস (৫০), ও অজ্ঞাত ১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ হাফিজুর রহমান। তিনি বলেন, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ফিড বোঝাই ট্রাক ট্রাক বিকল হয়ে পড়ে৷ পরে মেকানিক নিয়ে এসে ট্রাকটি মেরামত করা হচ্ছিল। এর মধ্যে সকাল আটটায় ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ওই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তিনজন।
তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। মরদেহগুলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটো উদ্ধার কাজ পরিচালনা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা৷ উদ্ধার কাজ চলমান থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
