09 August 2026
রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে নিজের অবস্থান আরও শক্ত করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এস এস রাজামৌলির ‘বারাণসী’ নিয়ে আলোচনার মধ্যেই নতুন হলিউড সিনেমার ঘোষণা দিলেন এই অভিনেত্রী।
অ্যাকশন থ্রিলার ও সায়েন্স ফিকশন ঘরানার ‘ব্লুফাই’ সিনেমায় প্রথমবারের মতো অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে পর্দা ভাগ করবেন প্রিয়াঙ্কা। সিনেমাটি পরিচালনা করবেন ‘প্রেডেটরস’খ্যাত নির্মাতা নিমরোড আনতাল।
ডেডলাইনের প্রতিবেদনে জানা গেছে, ‘ব্লুফাই’-এর গল্প আবর্তিত হবে কঙ্গোর গভীর অরণ্যকে ঘিরে। গল্পের কেন্দ্রীয় চরিত্র জাতিসংঘের এক অনুবাদক। একটি গোপন সামরিক অভিযানের অংশ হিসেবে তাকে এমন একটি বিধ্বস্ত সামরিক বিমান খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়, যার কোনো অস্তিত্ব সরকারি নথিতে নেই।
অভিযানে একটি স্পেশাল অপারেশন টিমকে সঙ্গে নিয়ে সশস্ত্র মিলিশিয়াদের নিয়ন্ত্রিত দুর্গম এলাকায় প্রবেশ করে দলটি। কিন্তু দুর্ঘটনাকবলিত বিমানটির কাছে পৌঁছানোর পর একের পর এক রহস্য সামনে আসতে থাকে। একপর্যায়ে বিমান উদ্ধারের অভিযান পরিণত হয় বেঁচে থাকার এক মরিয়া লড়াইয়ে।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক। আগামী সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে ‘ব্লুফাই’-এর আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রির কার্যক্রম শুরু করবে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ।
নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক নিমরোড আনতাল। তার ভাষায়, ‘ব্লুফাই’ সায়েন্স ফিকশনের উপাদানে মোড়ানো একটি উত্তেজনাপূর্ণ ও চরিত্রনির্ভর থ্রিলার। বাস্তবসম্মত, তীব্র গতির এবং গা ছমছমে আবহের গল্প নির্মাণ করাই তার দীর্ঘদিনের আগ্রহ।
রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আনতাল। গল্পটি পর্দায় ফুটিয়ে তুলতে এমন প্রতিভাবান অভিনয়শিল্পীদের পাশে পেয়ে তিনি আনন্দিত বলেও জানান।
চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ‘ব্লুফাই’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া ও রাসেল ক্রোর প্রথম যৌথ অভিনয়কে ঘিরে এরই মধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
