09 August 2026
সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. জাকির হোসেন (৩০) নামে এক সৌদি প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা (কুড়িখাই-মাগুরা) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা এলাকার মো. শিবলু মিয়ার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন তিনি। প্রায় ছয় মাস আগে প্রবাসের কর্মজীবন শেষ করে দেশে ফিরে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর জাকির হোসেন চাতল এলাকার মাগুরা ভিটা বিলে টর্চলাইটের আলোয় মাছ শিকারে বের হন। বাড়ি থেকে বিলটির দূরত্ব খুব বেশি নয়। কয়েক ঘণ্টা পর বাড়ির পিছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে নিহত জাকিরের বোন জামাই হান্নান তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার বুকে একটি ছুরি বিদ্ধ অবস্থায় ছিল।
পরে হান্নানের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহতের বোন-জামাই হান্নান মিয়া বলেন, বাড়ির পেছনে গেলে তিনি জাকিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তদন্তে নামে। রাতে অভিযান চালিয়ে একই এলাকার মাগুরা ভিটা গ্রামের রুবেল মিয়া (২৬), সুমি আক্তার (২৫) এবং আবেদা খাতুন (৬০) কে আটক করে।
এ ঘটনায় রবিবার (৯ আগস্ট) বিকেলে নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে ৩ জনের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেখানে নিকটাত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না এবং হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
