মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 10 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
10 August 2026
অন্যান্য

এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী আশানুরূপ ফল পাননি, তাদের জন্য খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আগামী মঙ্গলবার (১১ আগস্ট) থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু এ তথ্য জানিয়েছেন। পুনঃনিরীক্ষণের পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের নির্ধারিত পোর্টাল rescrutiny.eduboardresults.gov.bd-এ গিয়ে আবেদন করতে হবে।

যেভাবে আবেদন করবেন

১. প্রয়োজনীয় তথ্য প্রদান:
পোর্টালে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

২. মোবাইল নম্বর প্রদান:
পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের চূড়ান্ত ফলাফল এসএমএসের মাধ্যমে এই নম্বরেই জানানো হবে।

৩. বিষয় নির্বাচন:
এরপর স্ক্রিনে বিষয়ভিত্তিক নম্বর ও ফলাফল দেখা যাবে। যে বিষয়গুলোর খাতা পুনঃনিরীক্ষণ করাতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। দ্বিপত্রবিশিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

৪. ফি পরিশোধ:
প্রতি পত্রের জন্য পুনঃনিরীক্ষণ ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিকাশ, নগদ ও সোনালী সেবাসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা পোর্টালের ‘হেল্প’ অপশনে পাওয়া যাবে।

৫. আবেদন জমা:
ফি পরিশোধের পর পুনরায় আবেদনে ফিরে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপরই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, ফি পরিশোধের পর আবেদনে কোনো পরিবর্তন আনা যাবে না এবং পরিশোধ করা ফি ফেরতযোগ্য নয়। তবে ফি দেওয়ার আগে নির্বাচিত বিষয়ে কোনো ভুল হলে ‘মুছে ফেলুন’ অপশনে ক্লিক করে তা সংশোধন করা যাবে।

এ ছাড়া ফি পরিশোধের পর কোনো শিক্ষার্থী নতুন কোনো বিষয় পুনঃনিরীক্ষণের জন্য যুক্ত করতে চাইলে আগের নিয়মে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আগের দেওয়া মোবাইল নম্বরই ব্যবহার করতে হবে।

শিক্ষা বোর্ডগুলো স্পষ্ট জানিয়েছে, ই-পোর্টাল ছাড়া কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।