মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 11 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
10 August 2026
অন্যান্য

লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস

ফুটবলের জগতে বড় বিনিয়োগের পথে হাঁটতে যাচ্ছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ইংলিশ ক্লাব লিভারপুলের ৩০ শতাংশের কিছু বেশি মালিকানা কিনতে একটি কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন এই কনসোর্টিয়ামে রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিনও। তিন বিনিয়োগকারী মিলে লিভারপুলের ৩০ শতাংশের বেশি অংশীদারত্ব কিনতে যাচ্ছেন। এর মাধ্যমে ক্লাবটির মালিকানায় যুক্ত হতে পারেন বিশ্বের অন্যতম ধনী এই তিন ব্যবসায়ী।

বেজোসের মোট সম্পদের পরিমাণ ২৮০ বিলিয়ন ডলারের বেশি বলে ধারণা করা হয়। অন্যদিকে স্যাভেরিনের সম্পদের পরিমাণ ৩২ বিলিয়ন ডলারের বেশি। অমিত ভাটিয়া ভারতীয় ধনকুবের ও ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তালের জামাতা। এর আগে ইংলিশ ফুটবলের চ্যাম্পিয়নশিপের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সেরও শেয়ারহোল্ডার ছিলেন তিনি।

প্রস্তাবিত এই বিনিয়োগের পর লিভারপুলের মূল্য প্রায় ৬ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে। কোনো ফুটবল ক্লাবকে ঘিরে এটিকে অন্যতম বড় লেনদেন হিসেবে দেখা হচ্ছে।

তবে বিনিয়োগের আকারের কারণে লিভারপুলের ভবিষ্যৎ মালিকানা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আপাতত এটি সংখ্যালঘু অংশীদারত্ব হলেও বিপুল আর্থিক সক্ষমতার এই বিনিয়োগকারীরা ভবিষ্যতে ক্লাবটিতে আরও বড় নিয়ন্ত্রণ নিতে আগ্রহী কি না, সে প্রশ্নও উঠছে।

লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) ২০১০ সালে প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ডে ক্লাবটি কিনেছিল। এরপর আর্থিক সংকট কাটিয়ে সাফল্যের পথে ফিরে আসে লিভারপুল। ক্লাবটি ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি দুটি প্রিমিয়ার লিগ শিরোপাও ঘরে তুলেছে।

ফুটবলের পাশাপাশি এফএসজির মালিকানায় রয়েছে যুক্তরাষ্ট্রের বেসবল দল বোস্টন রেড সক্স এবং আইস হকি দল পিটসবার্গ পেঙ্গুইনস।

গত মাসে এফএসজি জানিয়েছিল, অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম লিভারপুলে কৌশলগত বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তখন এফএসজির এক মুখপাত্র জানিয়েছিলেন, অমিত ভাটিয়ার নেতৃত্ব, ব্যবস্থাপনা ও প্রতিনিধিত্বে থাকা একটি বিনিয়োগ কনসোর্টিয়াম লিভারপুল ফুটবল ক্লাবে কৌশলগত বিনিয়োগের আগ্রহ জানিয়েছে।