মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 11 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
11 August 2026
অন্যান্য

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কি হবে জানালেন চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখনো সংশোধন করা হয়নি। ফলে এ নির্বাচনের ক্ষেত্রেও তা কার্যকর থাকবে। দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সভায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংসদের হুইপ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সভায় রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ উপলক্ষে সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, লজিস্টিক সহায়তা এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে চিফ হুইপ জানান, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপির দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি প্রার্থী ঘোষণা করবেন। অন্যদিকে বিরোধী দল ইতোমধ্যে তাদের প্রার্থী দিয়েছে।

ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, সংসদ ভবনের ভেতরেই ভোটকেন্দ্র ও ভোটের বুথ থাকবে। সংসদ সদস্যরা তাদের আসন নম্বর ও নির্ধারিত বিভক্তি অনুযায়ী ভোট দেবেন। ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে ৩৪৯টি ভোট পড়লে নির্ধারিত সময়ের আগেই গণনার প্রস্তুতি নেওয়া হবে। তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে।

চিফ হুইপ আরও জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও ভারপ্রাপ্ত স্পিকারের ভোট দেওয়ার সময় সরাসরি সম্প্রচার করা হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা থেকে ফল ঘোষণা পর্যন্তও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্পিকারের পরামর্শে প্রধান নির্বাচন কমিশনার এক দিনের সংসদীয় বৈঠক ডাকবেন বলেও জানান চিফ হুইপ।

বিএনপির প্রার্থী কবে চূড়ান্ত হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করলেই বিষয়টি সবাই জানতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের সময়ও প্রার্থীর বিষয়টি স্পষ্ট হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অবস্থান তুলে ধরে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রকে কার্যকর রাখতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। সে কারণেই বিরোধী দল নির্বাচনে প্রার্থী দিয়েছে।

তিনি বলেন, ‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত ছিল। গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে। তাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন করা হলে নির্বাচিত রাষ্ট্রপতি আরও বেশি সম্মান ও গ্রহণযোগ্যতা পেতেন।

তবে নির্বাচন যেহেতু অনুষ্ঠিত হচ্ছে, সেটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চান না বলে জানান নাহিদ ইসলাম। এ কারণেই বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পরে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, ‘জুলাই সনদ’ অনুযায়ীও রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিদ্যমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আরও শক্তিশালী করতেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।