মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 12 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
11 August 2026
অন্যান্য

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও গরু জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী ও চারটি গরু জব্দ করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা এই অভিযানে কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু জব্দ করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রামে অপর একটি বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনসামগ্রী (কসমেটিকস) উদ্ধার করা হয়।

৩৯ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা রাতভর এসব অভিযান পরিচালনা করেন।

উদ্ধারকৃত ভারতীয় কসমেটিক সামগ্রীর আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) ১৫ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা এবং চারটি গরুর মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা চোরাই মালামাল ও গরু নিয়ম অনুযায়ী সিজার লিস্টভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কাস্টমসের মাধ্যমে এসব মালামাল নিলামে বিক্রি করা হবে।