11 August 2026
মাঝ আকাশেই বিস্ফোরিত চীনের স্যাটেলাইটবাহী রকেট

মহাকাশে স্যাটেলাইট পাঠানোর উদ্দেশ্যে উৎক্ষেপণের পর মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে চীনের একটি রকেট।
সোমবার (১০ আগস্ট) রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের ওয়েনচ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণের কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে।
চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টা ২ মিনিটে লং মার্চ-৭এ রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটটিতে ছিল ‘ঝোংজিং-৪বি’ নামে একটি যোগাযোগ স্যাটেলাইট। সেটিকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য।
তবে উৎক্ষেপণের মাত্র ৮৫ সেকেন্ড পরই রকেটটিতে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ‘উড্ডয়নগত ত্রুটিকে’ দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছে সিনহুয়া। তবে ঠিক কী কারণে রকেটটি ব্যর্থ হয়েছে, তা নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে।
রকেট বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়াও তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেছে। এতে রাতের আকাশে একটি উজ্জ্বল অগ্নিগোলক দেখা যায় এবং আশপাশের মানুষকে বিস্মিত হয়ে সেটির দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিও থেকেও উৎক্ষেপণের পর অল্প সময়ের মধ্যেই বিস্ফোরণের বিষয়টি সামনে এসেছে।
মহাকাশে চীনের উচ্চাভিলাষ
সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং প্রায়ই মহাকাশ কর্মসূচিকে চীনের ‘মহাকাশ স্বপ্ন’-এর অংশ হিসেবে উল্লেখ করেন।
চীনের মহাকাশ কর্মসূচিতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতিও হয়েছে। দেশটির মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে প্রথমবারের মতো একটি পুনর্ব্যবহারযোগ্য রকেট সফলভাবে অবতরণ করানো হয়। উৎক্ষেপণ ব্যয় কমানোর পাশাপাশি ভবিষ্যতের মহাকাশ অভিযানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
চীন ২০৩০ সালের আগেই চাঁদের মাটিতে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের আর্টেমিস কর্মসূচির সঙ্গে দেশটির মহাকাশ প্রতিযোগিতাও আরও জোরালো হচ্ছে।
তবে সর্বশেষ রকেট বিস্ফোরণের ঘটনা চীনের ক্রমবর্ধমান মহাকাশ কর্মসূচির সামনে নতুন করে প্রযুক্তিগত চ্যালেঞ্জের বিষয়টিও সামনে আনল।
সূত্র: সিনহুয়া, এএফপি, এনডিটিভি, সাউথ চায়না মর্নিং পোস্ট
