মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 12 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
11 August 2026
অন্যান্য

জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা

গাণিতিক প্রতিভা অন্বেষণ ও শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’।

মঙ্গলবার (১১ আগস্ট) ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (সিইএসসি) প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই মেগা অলিম্পিয়াডের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ফাহিম আদনান সিদ্দিকী।

পুরো আয়োজনটিকে কিডস (K), প্রাইমারি (P), জুনিয়র (J), সিনিয়র (S) এবং হায়ার সেকেন্ডারি (HS)—এই ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মোট ১০টি রোমাঞ্চকর প্রতিযোগিতার সমন্বয়ে গঠিত এই উৎসবের প্রথম দিনেই ৮টি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রথম দিন অনুষ্ঠিত ইভেন্টগুলোর মধ্যে ছিল—ম্যাথ অলিম্পিয়াড, জিওমেট্রি ড্যাশ, ম্যাথ রিলে, ম্যাথ মিম, পোস্টার ডিজাইনিং, দেওয়াল পত্রিকা, টিক-ট্যাক-টো এবং রুবিকস কিউব। শিক্ষার্থীদের অদম্য উৎসাহ ও সুনিপুণ মেধার লড়াইয়ে পুরো ক্যাম্পাস জুড়ে যেন গণিতের এক জাদুকরী আবহ তৈরি হয়। উদ্বোধনী দিনেই সাবমিশন-ভিত্তিক ইভেন্টসমূহ এবং ‘ম্যাথ রিলে’ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজনের বিষয়ে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ফাহিম আদনান সিদ্দিকীর দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তদারকির কথা স্মরণ করে আয়োজকরা জানান, তাঁর অসামান্য নেতৃত্ব এবং সিইএসসি ম্যাথ ক্লাব (CESC Math Club)-এর প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রমে প্রথম ধাপ সূচারুভাবে সম্পন্ন হয়েছে। গণিতকে সহজ ও আনন্দদায়কভাবে উপস্থাপন করতে ক্লাবের তরুণ সদস্যদের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

আগামী ১৩ই আগস্ট সিইএসসি অডিটোরিয়ামে আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে উচ্চমাধ্যমিক (HS) ক্যাটাগরির জন্য 'ইন্টিগ্রেশন বি' এবং কিডস ক্যাটাগরির জন্য 'ম্যাথ রিডল' প্রতিযোগিতাসহ সাবমিশন-ভিত্তিক কাজগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের আউটগোয়িং এবং ইনকামিং চেয়ারম্যান মহোদয়ের উপস্থিত থাকার সদয় সম্ভাবনা রয়েছে। সেদিনই ‘ম্যাথ অলিম্পিয়াড’, ‘জিওমেট্রি ড্যাশ’ ও ‘কিডস ক্যাটাগরি’র মূল বিজয়ীদের হাতে সমাপনী পুরস্কার তুলে দেওয়া হবে।