মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 12 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 August 2026
অন্যান্য

এমপি নাসির উদ্দিনকে শিশির মনিরের খোলা চিঠি, ‘এখানেই ইতি টানুন’

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ‘রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা’—এমন অভিযোগে তার স্ত্রী মামলা করেছেন।

এ পরিস্থিতিতে বিষয়টি আর না বাড়িয়ে পারিবারিকভাবে সমঝোতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন চৌধুরীকে খোলা চিঠি দিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১১ আগস্ট) দেওয়া চিঠিতে শিশির মনির বলেন, বিষয়টি শুরুতে একান্তই পারিবারিক ছিল। কিন্তু বর্তমানে তা আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

নাসির উদ্দিন চৌধুরীকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘আমি জানি, এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো শারীরিক বা মানসিক অবস্থা আপনার নেই। তথাপি আপনার প্রিয়জনরা হয়তো আপনাকে বিষয়টি অবগত করবেন।’

চিঠিতে শিশির মনির আরও বলেন, ‘যেখানেই যাই, মানুষ আমাদের জিজ্ঞাসা করে, জানতে চায়। কারণ আমি দিরাই-শাল্লার মানুষ। এটি আমাদের সম্মিলিত লজ্জা।’

তিনি বলেন, ‘এই বয়সে আপনাকে নিয়ে এগুলো হওয়ার কথা নয়। আপনার লজ্জা আর আমাদের লজ্জা মিলেমিশে একাকার। আপনি আমাদের নির্বাচিত নেতা। তাই আমরা যারপরনাই উদ্বিগ্ন।’

নাসির উদ্দিন চৌধুরী বিভিন্ন মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রেখেছেন উল্লেখ করে শিশির মনির বলেন, ‘আপনি কত মানুষের সমস্যার সমাধান করেছেন, আর আজ আপনিই আলোচনার কেন্দ্রবিন্দু।’

চিঠিতে চলমান পরিস্থিতি আর না বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাই বিষয়টি আর বাড়তে দেওয়া ঠিক হবে না। এখানেই ইতি টানুন। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেন। এই প্রত্যাশায়।’

চিঠির শেষে মোহাম্মদ শিশির মনির নিজেকে নাসির উদ্দিন চৌধুরীর ‘শুভাকাঙ্ক্ষী’ হিসেবে উল্লেখ করেন।