মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 12 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 August 2026
অন্যান্য

সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় ভুয়া বা প্রক্সি পরীক্ষার্থী ঠেকাতে বায়োমেট্রিক শনাক্তকরণসহ ১২টি নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে সব সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে অফিস স্মারক পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তাদের অধীন দপ্তর, সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানকে এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সম্প্রতি নিম্ন গ্রেডের কয়েকটি পদের নিয়োগ পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও চাকরিতে যোগদানের সময় ভুয়া বা প্রক্সি পরীক্ষার্থী ব্যবহারের অভিনব প্রতারণার ঘটনা ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতেই নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চাকরির আবেদনে এক মাসের মধ্যে তোলা রঙিন ছবি ব্যবহার করতে হবে। লিখিত পরীক্ষার আগে প্রার্থীদের আবেদনপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। পরীক্ষাকেন্দ্রে ব্যাগ, বই বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। প্রয়োজনে মেটাল ডিটেক্টর ব্যবহার করে তল্লাশি চালাতে হবে।

নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকতে হবে। প্রবেশপত্র ও হাজিরা শিটে থাকা ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

মৌখিক পরীক্ষার সময় উত্তরপত্রের সঙ্গে প্রার্থীর হাতের লেখার মিল যাচাই করতে হবে। সম্ভব হলে লিখিত পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীর ছবি তুলতে হবে। পরবর্তী ধাপগুলোতে অংশগ্রহণকারীদের সঙ্গে এসব ছবি মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচিত প্রার্থী চাকরিতে যোগদানের সময় তার আগের ছবি যাচাই করে যোগদানপত্র দিতে হবে। লিখিত পরীক্ষা থেকে শুরু করে চাকরিতে যোগদান পর্যন্ত প্রতিটি ধাপে প্রার্থীর পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

এ ছাড়া নিয়োগ পরীক্ষার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল কোর্ট বা সামারি ট্রায়াল পরিচালনার জন্যও আগেই প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে হবে।

কোনো ভুয়া বা প্রক্সি পরীক্ষার্থী শনাক্ত হলে তার বিরুদ্ধে বাধ্যতামূলকভাবে মোবাইল কোর্ট, সামারি ট্রায়াল অথবা নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রক্সি পরীক্ষার্থী ঠেকাতে বায়োমেট্রিক শনাক্তকরণসহ প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে নিয়োগ পরীক্ষার শুরু থেকে চাকরিতে যোগদান পর্যন্ত প্রতিটি ধাপে একই ব্যক্তি অংশ নিচ্ছেন কি না, তা নিশ্চিত করার ব্যবস্থা নিতে বলা হয়েছে।