মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 12 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 August 2026
অন্যান্য

বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, উদ্ধার ৫০

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় ৩টি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় থাকা ৫০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুটি ট্রলার সাগরে তলিয়ে যায় এবং একটি এখনো ভাসমান রয়েছে।
 
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
 
ডুবে যাওয়া ট্রলার ৩টি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির, জহির ও জাহেদ মাঝির বলে জানা গেছে। দুর্ঘটনার সময় ট্রলারগুলো সাগরে মাছ ধরছিল।
 
জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে সাগর উত্তাল রয়েছে। বুধবার সকালে ঢেউ ও বাতাসের তীব্রতা বেড়ে গেলে সাগরে মাছ ধরতে থাকা অনেক ট্রলার বিপাকে পড়ে। এর মধ্যে নিঝুমদ্বীপের কাছাকাছি এলাকায় ৩টি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। ট্রলারগুলোতে থাকা মাঝি-মাল্লারা বিপদে পড়লে আশপাশে থাকা অন্য মাছধরা ট্রলারগুলো এগিয়ে আসে। তাদের সহযোগিতায় তিন ট্রলারের ৫০ জেলেকে নিরাপদে তীরে নেওয়া হয়। এতে কোনো জেলে হতাহত হয়নি।
 
তিনি আরও জানান, দুর্ঘটনার পর জহির ও জাহেদ মাঝির ট্রলার দুটি পুরোপুরি সাগরে তলিয়ে গেছে। তবে নাসির মাঝির ট্রলারটি এখনো পানিতে ভাসছে। সেটি উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
 
স্থানীয় জেলেরা জানান, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় মাছ ধরার কাজে নিয়োজিত ট্রলারগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। হঠাৎ করে ঢেউয়ের উচ্চতা বেড়ে যাওয়ায় ছোট ও মাঝারি আকারের মাছধরা ট্রলারগুলোতে আতঙ্ক তৈরি হয়েছে। সাগরে বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
 
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ট্রলার ডুবির ঘটনাটি শুনেছি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, ট্রলারগুলোতে থাকা সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাছধরা ট্রলারগুলোকে নিরাপদে অবস্থান করার জন্য জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে।’