মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 21 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
13 August 2026
অন্যান্য

মেট্রোরেলের রাতের যাত্রার বাড়লো সময়, কমলো ভোগান্তি

রাতে যাত্রীদের চাপ কমাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। একই সঙ্গে শেষ দিকের ট্রেনগুলোর মধ্যবর্তী বিরতিও কমিয়ে আনা হবে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বর্তমানে রাতের শেষ ট্রেনের সময়ের মধ্যে যে প্রায় ২০ মিনিটের ব্যবধান থাকে, তা কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে আনার পরিকল্পনা করা হচ্ছে। এতে শেষ সময়ে স্টেশনে জমে থাকা যাত্রীর চাপ কিছুটা কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

রাতে ট্রেন চলাচলের সময় বাড়াতে অতিরিক্ত চালক বা ট্রেন অপারেটরের প্রয়োজন হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। নতুন নিয়োগ পাওয়া অপারেটরদের প্রশিক্ষণ আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাদের দিয়ে ট্রেন পরিচালনা শুরু করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া রাতের ট্রেন চলাচলের সময় বাড়ানো হলে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য নিয়মিত কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হবে কি না, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে। এসব প্রস্তুতি শেষ করে নতুন সময়সূচি কার্যকর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে গত ৭ জুন থেকে মেট্রোরেলের রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল। এতে যাত্রীদের জন্য অতিরিক্ত সময়ের সুযোগ তৈরি হলেও শেষ দিকের ট্রেনগুলোতে এখনো ব্যাপক ভিড় হচ্ছে।

ডিএমটিসিএল সূত্র বলছে, রাতে মেট্রোরেলে যাত্রীসংখ্যা প্রায় ১০ হাজার বেড়েছে। ফলে শেষ ট্রেনগুলোতে চাপ সামলাতে চলাচলের সময় আরও বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে।

নতুন সময়সূচি কার্যকর হলে রাত ১১টা পর্যন্ত মেট্রোরেলে যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা। পাশাপাশি ট্রেনের মধ্যবর্তী বিরতি কমিয়ে আনার ফলে রাতে মেট্রোরেল ব্যবহারে যাত্রীদের ভোগান্তিও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।