মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 14 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 August 2026
অন্যান্য

১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির কঠোর নিরাপত্তা

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নজরদারি ও তল্লাশি।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ঢাকার সব প্রবেশপথে তল্লাশি আরও জোরদার করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থান এবং জনসমাগম এলাকায় প্রস্তুত রাখা হয়েছে। এসব ইউনিটের মাধ্যমে প্রয়োজনীয় সুইপিং কার্যক্রমও পরিচালনা করা হবে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর এলাকাগুলো সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হবে। পাশাপাশি ডিবি, সিটিটিসি, সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছেন।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পুলিশের পাশাপাশি অতিরিক্ত র‍্যাব ও সিআইডি সদস্যদেরও বিভিন্ন এলাকায় মোতায়েন করা হবে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্যদের রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, শপিং মলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় মোতায়েন করা হবে।

তিনি আরও জানান, ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা নিজ নিজ এলাকায় সরেজমিনে অবস্থান করে নিরাপত্তা কার্যক্রম তদারকি করবেন। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।