মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 15 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
15 August 2026
অন্যান্য

ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারের সঙ্গে বোমাসদৃশ বস্তু ঝুলতে দেখে শনিবার (১৫ আগস্ট) সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসব বস্তু উদ্ধার করে জানায়, এগুলো বোমা নয়, সাউন্ড বক্স।

সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্ট মোড় ও ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে এসব বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির তারে বক্স আকৃতির একটি বস্তু ঝুলতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় বক্সটি নামিয়ে পানি ভর্তি একটি বালতিতে রাখে। কিছুক্ষণ পর ব্যাটারির সঙ্গে যুক্ত তারের সংযোগ বিচ্ছিন্ন করে বক্সটি খুলে দেখা যায়, সেটি একটি সাউন্ড বক্স।

এরপর কোর্ট মোড় ও ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনেও একই ধরনের আরও দুটি বস্তু ঝুলিয়ে রাখার খবর পায় পুলিশ। পরে কোর্ট মোড়ের বস্তুটিও উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে পার্কের সামনে ঝুলিয়ে রাখা বক্স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বক্সটি নামিয়ে নেয়।

উদ্ধার করা তিনটি সাউন্ড বক্সই মেহেরপুর সদর থানায় নেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, “আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো বোমা নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা এগুলো রেখেছে, তা অনুসন্ধান করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”