মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 18 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 August 2026
অন্যান্য

শরীয়তপুরে ভুয়া চিকিৎসকে তিন মাসের কারাদণ্ড

শরীয়তপুরের গোসাইরহাটে চিকিৎসক না হয়েও চোখের ছানিপড়া থেকে শুরু করে জটিল চিকিৎসা দিয়ে আসা মো. জাফর (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার দাসের জঙ্গল বাজারের মুক্তিযোদ্ধা ভবনের দোতলায় জান্নাত মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।

দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক মো. জাফর শরীয়তপুর সদর উপজেলার শেখ আলাল উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জান্নাত মেডিকেল সেন্টারের মালিক মো. জাফর দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সোমবার সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে জাফরের প্রয়োজনীয় নিবন্ধন, চিকিৎসা দেওয়ার বৈধ অনুমতিপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯(২) ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এস মোহাম্মাদুল্লাহ, গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এস মোহাম্মাদুল্লাহ বলেন, তিনি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃত চিকিৎসক নন। চিকিৎসা দেওয়ারও তার কোনো যোগ্যতা নেই। আমরা এসে দেখেছি, তিনি রোগী দেখেছেন এবং ব্যবস্থাপত্র দিয়েছেন। কিন্তু চিকিৎসা দেওয়া ও ব্যবস্থাপত্র দেওয়ার কোনো বৈধ লাইসেন্স তার নেই।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযুক্ত ব্যক্তি চিকিৎসক না হয়েও চক্ষু চিকিৎসা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।