মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 21 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 August 2026
অন্যান্য

এ বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনার কথা জানালেন তামিম

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসর মাঠে গড়াচ্ছে না। দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো ও পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এবারের বিপিএল আয়োজন থেকে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে ‘গেম ডেভেলপমেন্ট ট্রফি’র আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তিনি বলেন, এ বছর বিপিএল আয়োজন করা সম্ভব হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটের জন্য সম্পূর্ণ নতুন একটি কাঠামো ও ফর্মুলা নিয়ে কাজ করছে বোর্ড। পরিকল্পনার ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করা হবে। নতুন পরিকল্পনাটি ভিন্নধর্মী ও দর্শকদের জন্য আরও আকর্ষণীয় হবে বলেও জানান তিনি।

বিপিএল আয়োজন নিয়ে এমন সিদ্ধান্তের পেছনে প্রশাসনিক, আর্থিক ও নীতিগত নানা জটিলতার কথা তুলে ধরেন বিসিবি সভাপতি। তার ভাষ্য, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়ম-নীতির শিথিলতা টুর্নামেন্টটিকে বারবার সংকটের মুখে ফেলছে।

তামিম বলেন, রংপুর ও রাজশাহী ছাড়া অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির স্থায়িত্ব ও নিয়ম মেনে চলা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজশাহী তাদের বকেয়া পরিশোধ করলেও সার্বিক কমপ্লায়েন্সের ক্ষেত্রে ঘাটতি ছিল।

বিসিবির আর্থিক ক্ষতির বিষয়টিও তুলে ধরেন তিনি। কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাঝপথে সরে গেলে কিংবা চুক্তির শর্ত ও নিয়ম ভঙ্গ করলে শেষ পর্যন্ত এর আর্থিক দায়ভার বিসিবিকেই নিতে হয়। গত দুই বছরে এ ধরনের পরিস্থিতিতে বোর্ডের প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তামিম।

তার মতে, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট থেকে বোর্ডের লাভ হওয়ার কথা, সেখানে নিয়মিত লোকসান গোনা গ্রহণযোগ্য নয়। তাই সমস্যাগুলোর স্থায়ী সমাধান না করে তাড়াহুড়ো করে বিপিএল আয়োজনের পক্ষে নন তিনি।

তবে বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজনে ছয় মাস বা এক বছর সময় নেওয়া হলেও সঠিক কাঠামো তৈরি করেই টুর্নামেন্ট ফিরিয়ে আনার কথা জানান তিনি।

ইতোমধ্যে খেলাপি ও নিয়ম লঙ্ঘনকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তামিম।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে ফিক্সিং কেলেঙ্কারি এবং ২০২১ সালে করোনাভাইরাস মহামারির কারণে বিপিএল আয়োজন স্থগিত হয়েছিল। এবার প্রশাসনিক, আর্থিক ও নীতিগত জটিলতার কারণে টুর্নামেন্টটি আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হলো।