মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 22 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 August 2026
অন্যান্য

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ‘উদয়পদ্ম’ চারা রোপণ করলেন রাষ্ট্রপতি

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ‘উদয়পদ্ম’ গাছের একটি চারা রোপণ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে তিনি এ চারা রোপণ করেন।

এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করে সেখানে তাঁর অনুভূতি লিপিবদ্ধ করেন। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে স্মরণীয় করে রাখতে ‘উদয়পদ্ম’ গাছের একটি চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি পরিবেশ সংরক্ষণ ও স্মৃতিসৌধ প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সকল আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টা ৩৬ মিনিটে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। শুক্রবার রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের টহল ও নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচলেও বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়।

স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতা ঘিরে শুক্রবার রাতেই মূল বেদিসহ পুরো প্রাঙ্গণ ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ পড়ান। একই দিন রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।