মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 23 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 August 2026
অন্যান্য

বাংলাদেশি বংশোদ্ভুতকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী দলে খেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। এরপর থেকেই বাংলাদেশ ফুটবলে পরিচিত হয়ে ওঠে ‘সুলিভান ব্রাদার্স’ নামটি।

তাদের বড় দুই ভাই কুইন ও কাভান সুলিভান গত বৃহস্পতিবার মুখোমুখি হন লিওনেল মেসির ইন্টার মায়ামির। ম্যাচে কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন মেসি। একপর্যায়ে কুইনের ঘাড়ের পেছনে মৃদু চড় মারেন আর্জেন্টাইন তারকা। এ ঘটনায় মেসিকে জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে আরও একটি হাতাহাতির ঘটনা ঘটে। বলের বাইরে সংঘর্ষে জড়ানোর অভিযোগে ফিলাডেলফিয়ার কাভান সুলিভান ও মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়।

ম্যাচের দুটি ঘটনার জন্য মেসি ও তার ক্লাব সতীর্থ ইয়ান ফ্রেকে জরিমানা করেছে এমএলএস। তবে তাদের জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

কুইন সুলিভানের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মেসি তার ঘাড়ের পেছনে চড় দেন। ঘটনাটি ঘটে ম্যাচের শেষদিকে। ওই ম্যাচেই বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথম গোল করেন মেসি। পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি।

এদিকে কাভান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমএলএস। শুক্রবার লিগ কর্তৃপক্ষ জানায়, স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে কাভানের শাস্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়া মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিচকেও জরিমানা করেছে এমএলএস। বুধবার আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারের ম্যাচে প্রতিপক্ষের ফাউলের প্রভাব অতিরঞ্জিত করার অভিযোগে তাকে এই জরিমানা করা হয়।