23 August 2026
দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসে ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীরা ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করলে মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হয়। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।
চিঠিতে আরও বলা হয়, এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন স্কুল এবং কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি মাসের ক্রীড়া কার্যক্রমের তথ্যগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও প্রমাণকসহ মন্ত্রণালয়ে প্রেরণ করে থাকে।
এই অবস্থায় চিঠিতে সংশ্লিষ্টদের আন্তঃমন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে উল্লিখিত প্রতি মাসের ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত তথ্য নির্ধারিত ছকে প্রতি মাসের প্রথম সপ্তাহে (প্রমাণসহ পূর্ববর্তী মাসের তথ্যসমূহ) sports.phy72@gmail.com এই ই-মেইলে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।
