মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 25 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 August 2026
অন্যান্য

সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

লোহিত সাগরে সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। এ ঘটনায় জাহাজটিতে আগুন লাগার কথাও জানিয়েছে তারা। খবর আল জাজিরার।

হুথিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সৌদি মালিকানাধীন ‘আমজান’ নামের তেলবাহী জাহাজটি সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর কাছে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

গোষ্ঠীটির দাবি, হামলাটি ছিল সরাসরি ও নির্ভুল। ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটিতে বড় ধরনের আগুন ধরে যায়। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এবং হামলার দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল (প্রায় ১১৭ কিলোমিটার) পশ্চিমে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাম্প্রতিক এ ঘটনা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত এই জলপথে গত কয়েক বছরে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: আল জাজিরা