25 August 2026
একরামুল হত্যা: তিন সেনা সদস্যসহ বদি কারাগারে

কক্সবাজারের টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, দুই ব্রিগেডিয়ার জেনারেল ও এক কর্নেলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে তাদের বিরুদ্ধে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ড. মোহাম্মদ অলি মিয়া।
কারাগারে পাঠানোর নির্দেশ পাওয়া চারজন হলেন—সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন এবং কর্নেল আনোয়ার লতিফ খান।
অন্যদিকে, আত্মসমর্পণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ পাওয়া সাতজন হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব এবং আশিকুর রহমান।
প্রসিকিউটর অলি মিয়া জানান, চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর পাশাপাশি বাকি সাতজনকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
এর আগে গত ২৬ জুলাই একই মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। তখন আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তিনজনকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফের কিরণতলী এলাকার হোটেল নেটংয়ের সামনে থেকে কাউন্সিলর একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার মেরিন ড্রাইভসংলগ্ন সৈকতে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।
নিহত একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।
