25 August 2026
প্রয়োজনমতো টাকা তোলা যাবে ১ সেপ্টেম্বর থেকে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের কর্তন করা হবে না।
গ্রাহকদের বিষয়টি স্পষ্টভাবে জানাতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলনের সুযোগ দিতে নতুন এই সুবিধা চালু করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী তাদের নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন। এ ক্ষেত্রে আমানতের মুনাফা থেকে কোনো অর্থ কেটে নেওয়া হবে না।
এদিকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা সরকারি মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করার তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার পাশাপাশি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
