মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 26 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 August 2026
অন্যান্য

জামায়াত আমিরের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ডাচ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) জাওয়াদ আজাউই এবং সিনিয়র পলিটিক্যাল অ্যাডভাইজার লুবাইন চৌধুরী মাসুম উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মানবাধিকার, বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

ডা. শফিকুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নেদারল্যান্ডস সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

অন্যদিকে ডাচ রাষ্ট্রদূত সংসদে বিরোধী দলের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী করতে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনা প্রয়োজন বলে তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

সাক্ষাৎ শেষে ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূতকে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই আন্দোলনকে ঘিরে আঁকা বিভিন্ন গ্রাফিতি ঘুরিয়ে দেখান।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।