মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 26 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 August 2026
অন্যান্য

চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে এবার মুখ খুললেন প্রভা

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার তৃতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়ে। এমনকি গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন—এমন দাবিও সামনে আসে। এসব গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রভা। একই সঙ্গে বিষয়টি তাকে মানসিকভাবেও ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে বিয়ের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন এই অভিনেত্রী। তিনি স্পষ্ট করে জানান, তিনি বিয়ে করেননি এবং কখনোই চুক্তিভিত্তিক বিয়ে কিংবা এ ধরনের কোনো সম্পর্কে জড়াননি।

প্রভা লেখেন, ‘আমি বিয়ে করিনি এবং আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হননি। যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

সাংবাদিকদের দায়িত্বশীলতার বিষয়টিও তুলে ধরেন প্রভা। তার মতে, একজন সাংবাদিকের লেখনীতে কাউকে যেমন নেতিবাচকভাবে উপস্থাপন করা সম্ভব, তেমনি একই কলমে একজন মানুষকে ইতিবাচকভাবেও তুলে ধরা যায়। তাই এই ক্ষমতার সঙ্গে দায়িত্বশীলতাও থাকা জরুরি।

ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই এবং নির্ভরযোগ্য প্রমাণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়ার প্রতিও গুরুত্বারোপ করেন প্রভা।

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে যেন কেউ বিভ্রান্ত না হন। তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য তিনি নিজেই ফেসবুকের মাধ্যমে জানাবেন বলেও উল্লেখ করেন।

ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করে সবাইকে ভালো ও সুস্থ থাকার আহ্বান জানান এই অভিনেত্রী।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান তিনি। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন। সর্বশেষ একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন প্রভা। সিনেমাটির কিছু কাজ এখনো বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই আবারও শুটিংয়ে দেখা যেতে পারে তাকে।