মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 28 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 August 2026
অন্যান্য

এনসিপির দুগ্রুপের সংঘর্ষ, জাকারিয়াসহ গ্রেপ্তার ৫

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতরা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ বিরোধের জেরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ।

মামলার বাদী ও মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদের অভিযোগ, এনসিপির পদ দেওয়ার বিষয়কে কেন্দ্র করে এহসান জাকারিয়াসহ মামলার আসামিরা তার কাছে চাঁদা দাবি করেন। মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাদের ওপর হামলা করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ বলেন, তারা ঘটনাটি জানতে পেরেছেন। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে শুক্রবার আদালতে পাঠানো হবে।