মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 21 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
29 August 2026
অন্যান্য

দুর্নীতি করে সরকারি টাকা পকেটে গেলে তার জেলখানায় যেতে হবে: হুইপ দুলু

দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্নীতি করে সরকারি টাকা যদি কারও পকেটে যায়, তাকে অবশ্যই জেলখানায় যেতে হবে।

​শনিবার (২৯ আগস্ট) দুপুরে শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নাটোরের ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে প্রায় তিন কোটি টাকার উন্নয়নমূলক কাজের চেক এবং ২৬৭ জন অসহায়, দরিদ্র ও দুস্থ রোগীর মাঝে ৫ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৩৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে এমপি দুলু বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, আগামী ৫ বছর তার সুফল সবাই পাবে। নাটোরের এমন কোনো স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে না যা সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে। সরকারের অর্থ দিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

​অতীতের অনিয়মের সমালোচনা করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে যেভাবে চুরি ও দুর্নীতি হয়েছে, টাকার ভাগাভাগি হয়েছে সেই দিন শেষ। সরকারি তহবিলের টাকা নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

​জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই চেক বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।