মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 30 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
30 August 2026
অন্যান্য

মুসলিম ঐক্য জোরদারের আহ্বান ইরানের

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের মুসলিম দেশগুলোর নেতা ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। এ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি মহানবী (সা.)-কে মানবিক পূর্ণতার সর্বোচ্চ আদর্শ এবং মানবতার জন্য পথপ্রদর্শক হিসেবে বর্ণনা করেছেন।

পেজেশকিয়ান বলেন, ‘আমরা এমন এক নবীর উম্মত হওয়ার জন্য গর্বিত, যিনি সমগ্র মানবতার জন্য শান্তি ও নিরাপত্তার বার্তা নিয়ে এসেছিলেন। তার ধর্ম শান্তির ওপর প্রতিষ্ঠিত এবং তার উপাধি সমগ্র বিশ্বের জন্য রহমত।’

তিনি বলেন, ‘মহানবী (সা.)-এর মহৎ চরিত্র নৈতিকতা ও সৎ গুণাবলির সর্বোত্তম প্রতিফলন। ক্রমেই জটিল হয়ে ওঠা বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় তার জীবন ও আদর্শ মানবতার জন্য পথনির্দেশনা দেয়।’

ইরানি প্রেসিডেন্ট বলেন, মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে মুসলিমদের ইসলামী উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি আরো জোরদার করতে হবে। একই সঙ্গে মহানবী (সা.)-এর প্রচারিত মূল্যবোধ অনুসরণ করে বিশ্বজুড়ে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানান তিনি।

পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, বিশ্বের মুসলমানদের অভিন্ন বিশ্বাস, দৃঢ়তা ও সংকল্প ইসলামী উম্মাহর সদস্যদের মধ্যে আরো বেশি ঐক্য ও সংহতি গড়ে তুলবে। একই সঙ্গে বিশ্বজুড়ে ইসলামের অগ্রগতি ও বিকাশে তা ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।