মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 02 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 September 2026
অন্যান্য

নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে ছুরি হাতে হামলার ঘটনায় ব্যাংক অব আমেরিকার এক ভাইস প্রেসিডেন্ট নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নারীও নিহত হন।

নিউইয়র্ক পুলিশ বিভাগের (NYPD) বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরস ওয়েস্ট ৪১ স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউয়ের কাছে দুই হাতে দুটি ছুরি নিয়ে ৬৮ বছর বয়সী রোড আইল্যান্ডের এক পর্যটকের দিকে এগিয়ে যান। ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে রাস্তা পার হওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় সিসনেরস তাঁর পেটে ছুরিকাঘাত করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়।

এরপর সিসনেরস সেভেন্থ অ্যাভিনিউ ধরে উত্তর দিকে এগিয়ে যান। প্রায় ২০ সেকেন্ড পর ওয়েস্ট ৪২ স্ট্রিটের কাছে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্তির পেটে ছুরিকাঘাত করেন তিনি।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, গুরুতর আহত পিয়াচেন্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ব্যাংক অব আমেরিকার ‘বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

ব্যাংক অব আমেরিকার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সহকর্মীর মর্মান্তিক মৃত্যুতে প্রতিষ্ঠানটি গভীরভাবে শোকাহত। তিনি একজন মূল্যবান সহকর্মী ছিলেন এবং তাঁর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা কাছাকাছি থাকা পুলিশ কর্মকর্তাদের বিষয়টি জানালে তারা ওয়েস্ট ৪২ ও ৪৩ স্ট্রিটের মাঝামাঝি এলাকায় সিসনেরসকে আটকানোর চেষ্টা করেন। তখনও তাঁর হাতে দুটি ছুরি ছিল। প্রায় চার মিনিট ধরে পুলিশ সদস্যরা তাঁকে অস্ত্র ফেলে দিতে বোঝানোর চেষ্টা করেন।

পুলিশ কমিশনার টিশের ভাষ্য অনুযায়ী, সিসনেরস কর্মকর্তাদের বলেন, তিনি কোনো কিছুই ফেলবেন না এবং বরং পুলিশ সদস্যদের দুজনকেই হত্যা করতে চান।

এরপর সিসনেরস পুলিশ সদস্যদের দিকে এগিয়ে গেলে কর্মকর্তারা টেজার ব্যবহার করেন। তবে এতে তিনি থামেননি। পরে দুই পুলিশ কর্মকর্তা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। তাঁকে বেলভিউ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, সিসনেরসের বিরুদ্ধে আগে কোনো গ্রেপ্তারের রেকর্ড ছিল না। তবে ২০১৮ ও ২০১৯ সালে মানসিক অসুস্থতাসংক্রান্ত দুটি ঘটনায় পুলিশের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল। তদন্তকারীদের কাছে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

ব্যাংক অব আমেরিকার ম্যানহাটনের প্রধান কার্যালয় টাইমস স্কয়ারের কাছেই ওয়ান ব্রায়ান্ট পার্কে অবস্থিত। নিউইয়র্কে গত চার বছর ধরে বড় ধরনের অপরাধের সংখ্যা কমেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ডের সংখ্যা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং সামগ্রিক বড় অপরাধ কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। তবে গুরুতর হামলার ঘটনা টানা ছয় বছর ধরে বেড়েছে।

সূত্র: নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD), মার্কিন সংবাদমাধ্যম