মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 03 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 September 2026
অন্যান্য

সৌদি তেলবাহী সুপারট্যাংকারে ইরানের হামলা, নিহত ২

ইরানের হামলায় সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে থাকা দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহরি এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ‘সিডর’ নামের সৌদি পতাকাবাহী ট্যাংকারটি একটি নিরাপত্তা ঘটনার শিকার হয়। স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বাহরি।

ট্যাংকারটি সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করছিল। এ সময় জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। এতে দুই ফিলিপিনো নাবিক প্রাণ হারান।

এর আগে একই সময়ে হরমুজ প্রণালিতে সৌদি তেলবাহী দুটি সুপারট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানার খবর পাওয়া যায়। এর মধ্যে একটি ছিল বাহরির মালিকানাধীন ‘সিডর’। অন্যটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী ‘সেনেগাল প্রসপারিটি’। দুটি জাহাজই সৌদি আরবের জুয়াইমাহ টার্মিনাল থেকে প্রায় ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল নিয়ে যাত্রা করেছিল।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটির নিন্দা জানিয়ে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে রিয়াদ।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হামলার প্রকৃতি ও দায় নিয়ে দুই পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সংঘাতের আগে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। সাম্প্রতিক সংঘাত ও জাহাজ চলাচলে বাধার কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সুত্রঃ বিবিসি