03 September 2026
নাগরপুরে মিনিস্টার্স গোল্ডকাপ প্রস্তুতিমূলক সভা

'খেলায় গড়ি চরিত্র শিক্ষায় গড়ি দেশ সবার আগে বাংলাদেশ' এই স্লোগানে টাঙ্গাইলের নাগরপুরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মাধ্যমিক বালক দল (৪৮), মাধ্যমিক বালিকা দল (১১), উচ্চ মাধ্যমিক বালক (০১), এবং উচ্চ মাধ্যমিক বালিকা (০১) দল। ৪টি ভেনুতে খেলা অনুষ্ঠিত হবে। ভেনুগুলো হলো পাকুটিয়া বিসিআরজি কলেজ মাঠ, গয়হাটা উদয়তারা স্কুল মাঠ, সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ ও ধুবড়িয়া স্কুল মাঠ। আগামী ৯ অক্টোবর একযোগে খেলাটি উদ্বোধন হবে।
উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মেদের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা আবদুস কুদ্দুস, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান লাভলু, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনছুর প্রমুখ। এসময় উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগণসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
