মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 07 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 September 2026
অন্যান্য

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে ‘গিরি মৈত্রী টুর্নামেন্ট’ শুরু

পাহাড়ি সবুজ উপত্যকায় এখন মাতোয়ারা ফুটবলের উন্মাদনায়। তরাই-পাহাড়ের উদীয়মান তরুণদের ক্রীড়াশৈলী প্রস্ফুটিত করতে এবং সুস্থ সংস্কৃতির ধারায় যুবসমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে খাগড়াছড়িতে পর্দা উঠলো ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর।

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বাছাইকৃত ১২টি শীর্ষস্থানীয় ফুটবল একাডেমি ও স্পোর্টিং ক্লাব অংশ নিচ্ছে।

​রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলের স্নিগ্ধ রোদে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামের সবুজ গালিচায় উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের জমকালো সূচনা ঘটে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য এই ক্রীড়া যজ্ঞের শুভ উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আশরাফু কবির ও পার্বত্য জেলা পরিষদের সদস্যসহ স্থানীয় সামরিক-বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অতিথিগণ মাঠে নেমে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।

উদ্বোধনী লড়াইয়ে মুখোমুখি হয় 'পার্বত্য ফুটবল একাডেমি' ও 'খাগড়াছড়ি স্পোর্টস একাডেমি'। দু'দলের দৃষ্টিনন্দন ফুটবলে গ্যালারিতে উপস্থিত ফুটবলপ্রেমী দর্শকরা করতালিতে মেতে ওঠেন।

​আয়োজক কমিটি জানান, পাহাড়ি অঞ্চলের নিভৃত এলাকায় লুকিয়ে থাকা ফুটবল প্রতিভাদের মূলধারায় তুলে আনা এবং তরুণদের অপরাধমূল কর্মকাণ্ড থেকে দূরে রেখে মাঠমুখী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সীমান্তঘেঁষা এই পার্বত্য জনপদে সম্প্রীতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।

​খেলার এই মহারণ চলবে প্রায় তিন সপ্তাহজুড়ে। আগামী ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই অঞ্চলের অন্যতম সাড়াজাগানো এই ফুটবল আসরের।