মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 07 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
07 September 2026
অন্যান্য

সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ৬ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম (৫৬) ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কৃষ্ণপুর বেপারীপাড়া গ্রামের শফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা পৈতৃক সূত্রে পাওয়া জমিতে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তবে একই গ্রামের প্রতিবেশী আব্দুর রাজ্জাক জমিটি নিজেদের দাবি করে দখলের হুমকি দিয়ে আসছিলেন। অভিযোগে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর গভীর রাতে আব্দুর রাজ্জাকের পক্ষের লোকজন শফিকুল ইসলাম, গনি মিয়া ও রফিকুল ইসলামের বসতবাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের টিনের বেড়া, দরজা-জানালা, আসবাবপত্র ও বাউন্ডারিসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। দুটি ঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে ১৩ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি ও লুটপাট হয়েছে বলে দাবি করেছেন শফিকুল ইসলাম।

হামলার ঘটনায় শফিকুল ইসলাম, শেফালী (৬০), মনোয়ার হোসেন (২৭), রওশনারা বেগম (৬০), আব্দুল গনি (৬১) এবং স্থানীয় আব্দুস ছোবহান আহত হন। আহতদের মধ্যে রওশনারা বেগম ও আব্দুল গনিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে আব্দুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তের জন্য এসআই বিকাশ সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।