মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 20 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
08 September 2026
অন্যান্য

আর্জেন্টিনাকে বিদায় বলার পর ব্যালন ডি’অরের তালিকায় ফিরলেন মেসি

ব্যালন ডি’অরের মঞ্চে আবারও লিওনেল মেসির নাম। বয়স ও ক্যারিয়ারের নানা বাঁক পেরিয়েও বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’। ফলে রেকর্ড আটবারের এই বিজয়ীর সামনে এখন নবমবার পুরস্কার জয়ের সম্ভাবনা।

মেসির সঙ্গে তালিকায় আছেন তার আর্জেন্টিনা সতীর্থ লাউতারো মার্তিনেজও। ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই স্বীকৃতি পেয়েছেন তিনি। অন্যদিকে ২০২৩ সালের পর প্রথমবারের মতো ব্যালন ডি’অরের তালিকায় ফিরলেন এলএম টেন।

তবে মেসির সামনে পথটা মোটেই সহজ নয়। গতবারের বিজয়ী উসমান ডেম্বেলে এবারও ৩০ জনের তালিকায় আছেন। ফরাসি তারকার সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন, স্পেনের লামিন ইয়ামাল, রদ্রি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।

বিশেষ করে হ্যারি কেইনের নামটি এবার বেশ জোরেশোরেই আলোচনায়। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত গোল-ফর্ম তাকে পুরস্কারের অন্যতম প্রধান দাবিদার করে তুলেছে। অন্যদিকে বিশ্বকাপজয়ী লামিন ইয়ামালের অসাধারণ পারফরম্যান্সও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে।

এমবাপ্পের ক্ষেত্রেও বড় শক্তি হয়ে এসেছে বিশ্বকাপের গোল্ডেন বুট। ফলে মেসি, ইয়ামাল, কেইন, এমবাপ্পে ও দেম্বেলের মধ্যে কে শেষ হাসি হাসবেন, তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল আগ্রহ।

২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান এবার একটি ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে। প্যারিসের বাইরে প্রথমবারের মতো লন্ডনে বসবে এই জমকালো আয়োজন। আগামী ২৬ অক্টোবর ইংল্যান্ডের রাজধানীতে জানা যাবে, কে হচ্ছেন ফুটবল বিশ্বের নতুন রাজা।

আর সেই মঞ্চে মেসি যদি আবারও সেরার পুরস্কার জিতে নেন, তাহলে ব্যালন ডি’অরের ইতিহাসে তার রাজত্ব আরও এক ধাপ বিস্তৃত হবে।