মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 09 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
09 September 2026
অন্যান্য

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তেলবাহী ট্যাংকার ঘিরে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি মার্কিন নৌযানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টার পর যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে বলে দাবি করেছে।

এর জবাবে ইরানের আইআরজিসি জর্ডানে মার্কিন সেনাদের অবস্থান করা একটি ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে কুয়েত ও বাহরাইনে থাকা তেলবাহী জাহাজের ক্রুদের জাহাজ ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে ইরানি বাহিনী। ওই অঞ্চলের জাহাজে হামলার হুমকিও দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টা করা হলে ওয়াশিংটন ইরানের তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে যাবে।

এদিকে উপসাগরীয় অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম মঙ্গলবার একপর্যায়ে প্রতি ব্যারেল ৯৯ দশমিক ৪৬ ডলারে উঠে যায়।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর একটি মার্কিন চালকবিহীন সাবমার্সিবল বা পানির নিচে চলাচলকারী যান আটক করার দাবি করেছে। রয়টার্সের প্রকাশিত ছবিতে সেটিকে হরমুজ প্রণালির প্রবেশমুখে ইরানের হেফাজতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলেছে এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স।