11 September 2026
মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের সম্ভাব্য যেকোনো তারিখে প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা ব্যারেজ নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পানি সম্পদ মন্ত্রী বলেন, ‘এটি একটি মেগা প্রকল্প, যা অর্থনৈতিক রূপান্তর ও বিপ্লব ঘটাবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ২৪টি জেলায় অর্থনৈতিক পরিবর্তন আসবে। এর ফলে কৃষি বিপ্লব, বিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষসহ সামগ্রিক উৎপাদন বৃদ্ধি পাবে।’
শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা আজ তাঁর হাত ধরেই বাস্তবায়িত হতে যাচ্ছে। এজন্য পানি সম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ২৪টি জেলার পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’
এ সময় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী।
