মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 16 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 September 2026
অন্যান্য

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের আমতলা বাজারে এ ঘটনা ঘটে।

আশরাফুল ইসলাম সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার দাবি, দুর্বৃত্তরা ভেন্টিলেটর দিয়ে পেট্রোল ঢেলে দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। তবে আগুন লাগার কারণ ও ঘটনায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আশরাফুল ইসলাম বলেন, রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাজারের নাইট গার্ড তাকে ডেকে তার ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগার কথা জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুন দেখতে পান। কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দীপু বিশ্বাস বলেন, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তখনও দোকানে আগুন জ্বলছিল। আগুনে দোকানের পেছনে থাকা ফার্নিচার এবং ভেতরে থাকা কিছু ফার্নিচার পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ ছয় লাখ টাকার বেশি হতে পারত। তবে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকের দাবি, আগুনে তার ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।