মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 14 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 September 2026
অন্যান্য

শরীয়তপুরে বিদ্যালয়ে যাতায়াতের সড়ক কেটে নালা খনন! ভোগান্তিতে কোমলমতি শিক্ষার্থীরা

​শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন কাঁচিকাঁটা ইউনিয়নের দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সাধারণ রাস্তাটি কেটে জলাবদ্ধতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি জলে টইটুম্বুর থাকায় স্কুল ব্যাগ কাঁধে নিয়ে শিশুরা ঝুঁকি নিয়ে পানির মধ্য দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাসহ স্থানীয় বাসিন্দারা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে প্রতিষ্ঠিত ১৫০নং দক্ষিন মাথা ভাংগা মৃধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০১৭ সালে প্রতিষ্ঠিত বোরকাটি আদর্শ উচ্চ বিদ্যালয় দুটি দীর্ঘ ৯ বছর ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। কাচিকাটা বাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বোরকাটি বাজারের দক্ষিণ পাশে বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালয় দুটিতে বর্তমানে ৪৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন রয়েছে। আশপাশের কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াত করে।

​স্থানীয় ভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে দক্ষিণ মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গ্রামবাসী এই রাস্তাটি ব্যবহার করে যাতায়াত করে আসছেন। কিন্তু সম্প্রতি কোনো তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তার মাটি কেটে ফেলেন মো. নজির খান ও ইউপি মেম্বার আহমেদ আলী মৃধা। ফলে রাস্তায় সৃষ্টি হচ্ছে গভীর জলাবদ্ধতা ও কাদা। ​বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে, কাদাপানি পেরিয়ে ও জামাকাপড় ভিজিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। অনেক শিক্ষার্থী পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে। এতে বিদ্যালয়ে উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সমাজ সেবক আমিনুল ইসলাম কায়কোবাদ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাওয়ার পথ এভাবে কেটে বন্ধ করা বা জলাবদ্ধতা তৈরি করা সম্পূর্ণ বেআইনি। রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে।

১৫০ নং মাথা ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্লাহ বলেন, দুই বছর আগে পর্যন্ত বিদ্যালয়ে আসার কোনো সড়কই ছিল না। তাই সব কার্যক্রম পরিচালনায় আমরা চরম ভোগান্তিতে পড়তাম। রাস্তা হওয়ার পরই স্বস্তি পাই। এখন আবার গতকাল হঠাৎ করে রাস্তাটির মাঝপথে কেটে ফেলার কারনে বিদ্যালয়ের কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে কাচিকাটা ইউনিয়ন পরিষদের মেম্বার আহমদ আলী মৃধা জানান, বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি প্রয়োজনীয় কাজের স্বার্থেই সাময়িকভাবে কাটা হয়েছে। শিক্ষার্থীদের চলাচলে যে ভোগান্তি হচ্ছে, সে বিষয়টি আমরা বুঝতে পারছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

​এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী ও শিক্ষার্থীরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। তারা অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে রাস্তাটি চলাচলের উপযোগী করার জোড় দাবি জানিয়েছেন।

ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সিদ্দিক বলেন, "বিষয়টি সম্পর্কে আমি এখনও অবগত নই। সরেজমিনে খতিয়ে দেখে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"