16 September 2026
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বরগুনায় পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বরগুনা জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স হাই স্কুল, বরগুনায় আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ১৬ ও ১৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী "নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ-২০২৬" শীর্ষক এ কর্মশালা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও দায়িত্ব পালনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের ওপর বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
