17 September 2026
সাভারে 'ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি' গুড়িয়ে দিল রাজউক

ঢাকার সাভারে রাজউকের অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্প গড়ে তোলার অভিযোগে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ নামের একটি আবাসন প্রকল্পে অভিযান চালিয়ে সাইট অফিসসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বনগাঁও ইউনিয়নের বনগাঁম এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। অভিযানে আবাসন প্রকল্পটির সাইট অফিস ভেঙে ফেলার পাশাপাশি ড্রেজারের পাইপ ও বিভিন্ন সাইনবোর্ড গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় প্রকল্পটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান জানান, আবাসন প্রকল্পটি দীর্ঘদিন ধরে রাজউকের অনুমোদন না নিয়ে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের কাছে প্লট বিক্রি করে আসছিল। অনুমোদন ছাড়া পরিচালিত হওয়ায় অভিযান চালিয়ে প্রকল্পটির বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, রাজউকের অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, আবাসন প্রকল্পটির দেখভালের দায়িত্বে ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল।
অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে রাজউকের এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
