মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 17 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 September 2026
অন্যান্য

শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ

শেরপুর বার্ড ক্লাব ও শাইনের উদ্যোগে বৃক্ষরোপণ এবং প্রকৃতি ও পাখির সুরক্ষায় সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর এবং সল্ট-কেন্ডি ট্যুরস এন্ড ট্রাভেল এর সহযোগিতায় ওই স্কুল আঙ্গিনায় বট, কদম, চালতা, আমলকি, গাব, আমড়া, ডেউয়াসহ বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা দাস কারুয়া, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে ওই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পাখির সুরক্ষায় সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি বলেন, প্রতিবছর আমাদের সংগঠনের পক্ষ থেকে পাখি ও পরিবেশবান্ধব বিশেষ প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের চারা শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ, রাস্তাসহ বিভিন্ন খোলা জায়গায় লাগানো হয়। এছাড়াও শিক্ষার্থীসহ জনসাধারণের মধ্যে চারা বিতরণ করা হয়। এবছর প্রায় পাঁচ হাজার চারা লাগানো ও বিতরণ করা হবে বলে তিনি জানান।