মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 17 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 September 2026
অন্যান্য

বিপিএলে ফিক্সিং: এবার নিষিদ্ধ দলের মালিক ও ম্যানেজার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে দুর্নীতির অভিযোগের তদন্তে এবার সাময়িকভাবে নিষিদ্ধ হলেন চট্টগ্রাম রয়্যালসের মালিক আব্দুল কাইয়ুম ও দুর্বার রাজশাহীর ম্যানেজার আমিন খান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের অভিযোগে দুজনকেই সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তাঁদের ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বিপিএলের সর্বশেষ আসরে শুরুতে চট্টগ্রাম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব নিয়েছিল ট্রায়াঙ্গল সার্ভিসেস। তবে ক্রিকেটারদের পাওনা পরিশোধে জটিলতার কারণে টুর্নামেন্ট শুরুর আগের দিন বিসিবিকে মালিকানা ছেড়ে দেওয়ার চিঠি দেন স্বত্বাধিকারী আব্দুল কাইয়ুম। পরে ফ্র্যাঞ্চাইজিটি বিসিবি নিজেই পরিচালনা করে।

বিসিবির অভিযোগ অনুযায়ী, কাইয়ুম দুর্নীতিবিরোধী চারটি ধারা ভঙ্গ করেছেন। এর মধ্যে রয়েছে ম্যাচের ফল বা ম্যাচের কোনো অংশ বেআইনিভাবে প্রভাবিত করা, ফিক্সিং বা ফিক্সিংয়ের পরিকল্পনা কিংবা চুক্তিতে জড়িত থাকা এবং দুর্নীতির প্রস্তাব পাওয়ার পর তা দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে না জানানোর অভিযোগ।

এ ছাড়া তদন্তে সহযোগিতা না করা এবং দুর্নীতিবিরোধী কর্মকর্তার নির্দেশ সত্ত্বেও ব্যবহৃত মূল মুঠোফোন জমা না দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দিতে অস্বীকৃতি জানিয়ে তদন্তে বাধা দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অন্যদিকে বিপিএলের ১১তম আসরে দুর্বার রাজশাহী এবং ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার ও টিম অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করা আমিন খানের বিরুদ্ধেও চারটি দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

বিসিবির অভিযোগে বলা হয়েছে, আমিন খান ম্যাচের ফল বা ম্যাচের কোনো অংশ বেআইনিভাবে প্রভাবিত করা এবং ফিক্সিংয়ের পরিকল্পনা বা চুক্তিতে জড়িত থাকার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। পাশাপাশি অন্য কোনো খেলোয়াড় বা কর্মকর্তাকে দুর্নীতিতে জড়াতে প্ররোচিত, উৎসাহিত বা সহায়তা করার অভিযোগও রয়েছে।

তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা না করা, তথ্য বা বার্তা গোপন কিংবা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়া বা বিলম্বিত করার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

এর আগে চলতি মাসের শুরুতে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির সাবেক পরিচালক মোখলেছুর রহমান, সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হাসান এবং অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানিকে দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে অভিযুক্তদের জবাব ও তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।